আজকের পত্রিকা ডেস্ক

আবাসন ভাড়া দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি অতিথিদের ওপর পরিচ্ছন্নতার অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে বাড়ির মালিকেরা অতিথিদের বিছানার চাদর খুলে রাখা, থালা-বাসন ধোয়া কিংবা পরিচ্ছন্নতাকর্মীদের সাধারণত করতে হয়—এমন কাজ করতে বাধ্য করতে পারবেন না। পরিচ্ছন্নতার জন্য আলাদা ফি দেওয়ার পরও অতিথিদের এসব কাজ করতে বলার বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় বাড়ির মালিকেরা সাতটি নির্ধারিত সাধারণ গৃহস্থালি নিয়ম ঠিক করতে পারবেন। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কিছু ‘যৌক্তিক’ অনুরোধও জানানো যাবে। তবে এসব অনুরোধে অতিথিদের ওপর অতিরিক্ত সময়সাপেক্ষ কিংবা কষ্টসাধ্য কাজের বোঝা চাপানো যাবে না। আগামী ২০ নভেম্বর বা তার পরে বুক করা সব বাড়ির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
এয়ারবিএনবি জানিয়েছে, কোনো বাড়ির নিয়ম অতিথিদের কাছে মালিকদের প্রত্যাশা স্পষ্ট করতে সহায়তা করে। তবে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামতে দেখা গেছে, এসব নিয়ম অনেক সময় বিভ্রান্তিকর, অতিরিক্ত কঠোর ও ব্যবস্থাপনার জন্য জটিল হয়ে ওঠে। এ কারণে নিয়মগুলো স্পষ্টভাবে নির্ধারণের পাশাপাশি অতিথিদের জন্য অযৌক্তিক দাবি ঠেকাতে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বিছানার চাদর খুলে রাখা, বাসার বাইরে নির্দিষ্ট স্থানে ময়লা নিয়ে যাওয়া কিংবা থালা-বাসন ধুয়ে যথাস্থানে গুছিয়ে রাখার মতো কাজ সাধারণত অতিথিদের ওপর চাপানো যাবে না। তবে বিশেষ পরিস্থিতিতে কিছু ব্যতিক্রমের সুযোগ রয়েছে। যেমন, স্থানীয়ভাবে খরার কারণে পানি ব্যবহারে বিধিনিষেধ থাকলে অতিথিদের গোসলের সময় পানির ব্যবহার সীমিত রাখতে বলা যেতে পারে।
নতুন নিয়মে বাড়ির বিধিনিষেধ অতিথিদের কাছে আরও দৃশ্যমান করা হবে। বুকিং-সংক্রান্ত চুক্তিপত্রেও এসব নিয়ম উল্লেখ থাকবে। আইনগত বাধ্যবাধকতা কিংবা বাড়ির মালিকদের সমিতির নিয়মের মতো সীমিত পরিস্থিতিতে চুক্তির শর্ত আরোপের সুযোগ থাকবে। মালিকেরা জরিমানা করতে পারবেন না। তবে নিজেদের বাড়ির নিয়ম ও অনুরোধ নির্ধারণের ক্ষমতা তাঁদের হাতেই থাকবে। কোনো অনুরোধ এয়ারবিএনবির নীতিমালা লঙ্ঘন করলে বিষয়টি চিহ্নিত করা হবে। এ বিষয়ে দ্বিমত থাকলে মালিক আপিল করতে পারবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এয়ারবিএনবি হোস্ট ক্যাসি ও জনের কিছু টিকটক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। অতিথিরা চলে যাওয়ার পর তাঁদের ভাড়া দেওয়া বাড়ি অত্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করতে দেখা যায় ওই দম্পতিকে। একটি ভিডিওতে টেলিভিশনের রিমোট নির্ধারিত জায়গায় না রাখায় অতিথিদের বিরুদ্ধে বাড়ির নিয়ম অমান্যের অভিযোগ তোলেন তাঁরা। কঠোর নিয়ম ও অতিরিক্ত প্রত্যাশার জন্য সমালোচিত হলেও দম্পতিটি দাবি করেছেন, তাঁদের ভিডিওর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁদের এসব ভিডিও বরং কঠোর বাড়ির মালিকদের নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরিতেও অন্য নির্মাতাদের উৎসাহিত করেছে।

