ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আজ সোমবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের ক্লাবে আয়োজিত ক্লাবে পূজায় পুষ্পাঞ্জলি দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ দুর্গাপূজার মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলির অনুষ্ঠান হয়েছে। কাঁথিতে নিজের ক্লাবে পূজা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পুষ্পাঞ্জলিও দিয়েছেন। এরপরই সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামায়াত নই। হিন্দুবাড়ির ছেলে, সনাতনী। প্রত্যেক বছর করি। এটা আজকে নতুন নয়। আমার বয়স এখন ৫৬ বছর। আমি এটা ৫০ বছর ধরে করছি। এটা সনাতনী হিসেবে আমার কর্তব্য। আমার আস্থার বিষয়। এটা ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা পদের কোনো সম্পর্ক নেই।’
বামদের প্রতিও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেনর, ‘যারা লেকচার মারছে, কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না। কপালে টিকা লাগায় না। এদের থেকে সাবধানে থাকবেন।’
সিজেপিকেও কটাক্ষ করে তিনি বলেন, ‘আরশোলা, ছারপোকা, যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে, তাদের থেকে খুব সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে।’
চোরবাগানের পূজায় পদদলিত হয়ে নিহতের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চোরবাগানের ঘটনার তদন্ত চলছে। অন্যান্য মণ্ডপগুলির নিরাপত্তাও নজরদারি চলছে।
