ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে 'ফিওনা লাক্সারি রিসোর্ট প্রথম আন্ত:সার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ'। প্রতিযোগিতার প্রথম দিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
অনুষ্ঠিত ছয়টি ইভেন্টের মধ্যে পাঁচটিতে প্রথম স্থান অর্জন করেছেন সেনাবাহিনীর সাইক্লিস্টরা। বাকি একটি ইভেন্টে সেরা হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাম্পিয়নশিপের আহ্বায়ক ও সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি নুরুল হুদা ভূঁইয়া। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান, বাংলাদেশ আনসারের পরিচালক (ক্রীড়া) নাদিরা ইয়াসমিন, সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, সদস্য মোস্তফা কামাল টুলু, আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্টরা। পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সাল বিশ্বাস, নারীদের এই ইভেন্টে সেনাবাহিনীর গীতা রায়, পুরুষদের ৪০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুট ট্রায়ালে বিজিবির মো. সবুর হোসেন, নারীদের ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুট ট্রায়ালে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা এবং পুরুষদের এলিমিনেশন বিভাগে মো. শরিফুল ইসলাম ও নারীদের এলিমিনেশন রেসে স্বর্ণপদক জেতেন সুবর্ণা বর্মা।
