চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপে ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিতে আবেদন জানিয়েছে ১২৩ পরিবার। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখন উপযুক্ত পরিবার খুঁজছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলেও শেষ পর্যন্ত কোন পরিবার শিশুটির দায়িত্ব পাবে, তা নির্ধারণ করা হবে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝোপের মধ্যে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সামর্থ্য, শিশুর যত্ন নেওয়ার সক্ষমতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। শুধু আর্থিক সচ্ছলতা নয়, শিশুটির বেড়ে ওঠার জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, শিশুটিকে দত্তক নিতে অনেক আবেদন জমা পড়েছে। উপযুক্ত পরিবার নির্বাচনে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে।
ডিজে
