ঢাকার ধামরাইয়ে রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বিকেলে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ‘ধামরাইয়ের সাধারণ সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই রিকশাচালকদের কেউ কেউ নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এতে দৈনন্দিন যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে অতিরিক্ত ভাড়া নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সমাবেশে দেওয়ান নজরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর মধ্যে স্বল্প দূরত্বেও অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশ থেকে ‘ভাড়া বাড়ানো চলবে না’ ও ‘ন্যায্য ভাড়া নিশ্চিত করো’ স্লোগান দেওয়া হয়। বক্তারা রিকশার তালিকাভুক্তকরণ এবং যাতায়াতের দূরত্ব অনুযায়ী সর্বজনগ্রাহ্য ভাড়ার তালিকা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা না হলে সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সমাবেশে দেওয়ান নজরুল ইসলাম, বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষক মো. সোহেল রানা, তানজিল ইসলাম নিশাদ, মো. আল আমিন খান পিয়াল, রিজভী ও মো. আশিকুর রহমান আশিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post ধামরাইয়ে রিকশার অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ appeared first on ভোরের চেতনা.
