Published on
:
1 min read
লটারির দোকানে এসে দাবি করলেন তিনি টাকা জিতেছেন। দোকানদার টিকিট দেখাতে চাইলেন। সেই ব্যক্তি টিকিটও দেখালেন। সন্দেহ হয় বিক্রেতার। শেষমেশ ধরা পড়েন সেই ব্যক্তি। নকল লটারির টিকিট নিয়ে এসে প্রতারণার ছক। শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানায় এলাকায় গ্রেপ্তার সেই অভিযুক্ত। ধৃত যুবকের নাম শুভঙ্কর মজুমদার। উত্তর ২৪ পরগনার দক্ষিণ যোগেশগঞ্জ পাড়ার বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, খণ্ডঘোষ থানা মোড় এলাকার একটি কাউন্টারে একটি টিকিট নিয়ে হাজির হয় সে। ওই টিকিটে ৫ হাজার টাকা পুরস্কার উঠেছে দাবি করে সেই অর্থ দাবি করে অভিযুক্ত। টিকিটটি হাতে নিতেই লটারি ব্যবসায়ীর সন্দেহ হয়। আসল ও নকলের মধ্যে তফাত এতটাই সূক্ষ্ম ছিল যে সাধারণ চোখে তা ধরা প্রায় অসম্ভব। সাধারণত দৈনন্দিন টিকিট কেনাবেচা করে ক্রেতাদের মুখ চিনে রাখেন বিক্রেতারা। তবে শুভঙ্করকে দেখে সন্দেহ বাড়তে থাকে।
বচসা শুরু হতেই আশেপাশের অন্য ব্যবসায়ীরাও সেখানে জড়ো হন।পরিস্থিতি বেগতিক দেখে চাপের মুখে শেষপর্যন্ত টিকিটটি নকল বলে স্বীকার করে অভিযুক্ত যুবক। স্থানীয় সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাসেও এই যুবক একই কায়দায় একটি নকল টিকিট দেখিয়ে ১ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিলেন। এ বার ফের ৫ হাজার টাকার লোভে একই ফাঁদ পাততে গিয়ে ধরা পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, উত্তর ২৪ পরগনা থেকে এসে খণ্ডঘোষে এ ধরনের প্রতারণা চালানোর পেছনে বড়সড় কোনও জাল টিকিট চক্র সক্রিয় থাকতে পারে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ধৃত শুভঙ্কর মজুমদারকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
