ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে কানাডায় পাঠানোর কথা বলে জাল ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তির নাম মো. হাসান মুরাদ (৩৭)। গত বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ছুফি উল্লাহ বলেন, মামলার বাদী পেশায় একজন গাড়িচালক। বিদেশে গিয়ে কর্মসংস্থানের মাধ্যমে ভাগ্যবদল হবে—এই আশায় প্রতারণা চক্রের এক সদস্য দিদার শেখ তাকে কানাডায় পাঠানো এবং সেখানে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এ কাজের জন্য ভিসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ১৮ লাখ টাকা দাবি করা হয়। বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার আশায় শাকিল শেখ বিভিন্ন সময়ে দিদার শেখকে সর্বমোট ১৮ লাখ টাকা প্রদান করেন।
পরবর্তীকালে ভুক্তভোগীকে চক্রটি কানাডার স্টিকার ভিসা সংযুক্ত একটি পাসপোর্ট এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্লেনের টিকিট সরবরাহ করে। গত ১১ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে বাদী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা তার পাসপোর্টে সংযুক্ত কানাডীয় ভিসাটি পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন। পরে ভুক্তভোগী বাদী প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি প্রতারণার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা, অপর অভিযুক্তদের সঙ্গে তার যোগাযোগ, কথিত জাল ভিসা সংগ্রহ ও সরবরাহের প্রক্রিয়ায় সম্ভাব্য ভূমিকা এবং প্রতারণার অর্থের লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি জাল ভিসা সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও তাদের ভূমিকা শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্ত হাসান মুরাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেআর/কেএএ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
