ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আ পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছরের নিচে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।
মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।
মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।
সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরো অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৮ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৫, রাজশাহীতে ২৩, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।
রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ২৫ হাজার ৬৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।
এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন।
এসি/আপ্র/১৪/১০/২০২৬
