ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামের দুই যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আক্কাস মিয়ার সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির আঙিনায় ফুটবল নিয়ে খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে বলটি গড়িয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশু দুটি বলটি তুলতে গিয়ে পানিতে নেমে পড়ে এবং গভীর পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর এক পথচারী পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
