মিল্কি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।
Published on
:
1 min read
৬ অক্টোবর গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল দুই ভাই। তার পর থেকে দু’জনই নিখোঁজ। স্থানীয় সূত্রে খবর, ওই দিন পড়তেও যায়নি গৃহশিক্ষকের বাড়ি। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও দুই ছেলের কোনও খোঁজ না পেয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। কোথায় গেল দুই ভাই? কী হয়েছে তাদের সঙ্গে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মনে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের গোঁসাইপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই পড়ুয়ার নাম বিশ্বজিৎ মণ্ডল (১৬) ও প্রসেনজিৎ মণ্ডল (১৩) বছর। বিশ্বজিৎ ন’ঘরিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র। অন্যদিকে, প্রসেনজিৎ বাঙ্গিটোলা স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। দুই ভাই একসঙ্গে টিউশনি পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল। অমৃতি এলাকার এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা ছিল তাদের।
এক নজরে
দুই ভাই নিখোঁজ: মালদহের ইংরেজবাজার থানার গোঁসাইপুর এলাকায় দুই নাবালক ভাই নিখোঁজ হয়েছে বলে অভিযোগ।
নিখোঁজের দিন: গত ৬ অক্টোবর গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারা।
নিখোঁজ পড়ুয়াদের পরিচয়: বিশ্বজিৎ মণ্ডল (১৬) নবম শ্রেণির ছাত্র এবং প্রসেনজিৎ মণ্ডল (১৩) ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
ফেরেনি বাড়িতে: অমৃতি এলাকার এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা থাকলেও দুই ভাই সেখানে পৌঁছেছিল কি না, তা স্পষ্ট নয়। বাড়িতেও ফেরেনি তারা।
পুলিশের তদন্ত শুরু: পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মিল্কি পুলিশ ফাঁড়ি ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
অভিযোগ, সেই দিন আর বাড়ি ফেরেনি দুই ভাই। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরিবার সূত্রে খবর, এই ঘটনায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। মিল্কি পুলিশ ফাঁড়ি তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত দুই ছেলের খোঁজ না মেলায় উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে।