নেত্রকোনার কেন্দুয়ায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবিদ (২৪) নামে এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা এনামুল হক গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদের মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আবিদ পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরানবাড়ী গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে বকুল মিয়ার সমর্থকেরা এনামুল হকের পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলায় এনামুল হক ও তার ছেলে আবিদ গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আবিদের মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
