ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়াই করতে হবে। ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরা উদ্যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোদি বলেন, ‘যে শক্তি দেশের ক্ষতি করে, যারা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং যে মানসিকতা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই হল দেশের শত্রু।’
দিল্লিতে মোদির বক্তৃতার আগেই মহারাষ্ট্রের নাগপুরে মঙ্গলবার আরএসএস-এর বিজয়া দশমী উদ্যাপন বক্তৃতায় সরসংঘচালক মোহন ভাগবত দাবি করেন ‘অশুভ শক্তি’ ভারতে সরকার ফেলার চেষ্টা করছে। সেই সঙ্গে তিনি বলেন, ‘ভারতের অগ্রগতি আটকাতে না পেরে অশুভ শক্তি দেশকে ভাঙার চেষ্টা করছে। এই সব অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যেভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে এগোচ্ছে, তাতে তারা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। তাই তারা ভারত এবং সংঘকে ভাঙার চেষ্টা করছে।’
ভারতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে ভিন্দেশের উদাহরণও টেনেছেন ভাগবত। তার দাবি, ভারতের পরাজয় চায় বিশ্বের অনেক শক্তি। তবে নির্দিষ্ট করে কারও নাম করেননি তিনি।
সম্প্রতি ফ্রান্স, নেপাল এবং বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে জনবিক্ষোভ আছড়ে পড়েছিল, তার উদাহরণ টেনে আরএসএস প্রধান বলেন, ‘পশ্চিম থেকে ঝড় আসছে, যা সংস্কৃতি, প্রচলিত ব্যবস্থা এবং নিরাপত্তাকে ঘৃণা করে। এই ঝড় ধ্বংস চায়।’ নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ‘অরাজকতা’ তৈরি করছেন বলে দাবি ভাগবতের।
