শ্রেয়সী পাল: মুর্শিদাবাদে সদ্য অনুষ্ঠিত রেজিনগর উপনির্বাচনে গেরুয়া শিবিরের অভাবনীয় ফলাফলের পর এবার মুর্শিদাবাদবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে মুর্শিদাবাদ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৫ তারিখ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় এসে রেজিনগর সহ সমস্ত জেলাবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর পাশাপাশি তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রের খবর, আগামী ১৫ তারিখ মুখ্যমন্ত্রী লালবাগের বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের দুর্গাপুজো ছাড়াও বহরমপুরে 'পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি' আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করবেন। এছাড়াও তাঁর বেলডাঙ্গাতে আরও একটি দুর্গাপুজোর উদ্বোধন করার কথা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন একাধিকবার করেছেন। বর্তমানে ওই পুজোর প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।
৩৪ তম বর্ষে বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের এবছরের পুজোর উত্তর প্রদেশের বারসানার কীর্তি মন্দির। অন্যদিকে বহরমপুরের 'পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি'র এবছর পুজোর থিম কাশি বিশ্বনাথ মন্দিরের আদলের প্যান্ডেল। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক রেজিনগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শাঁখারভ সরকার।
বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে আরও একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন ,যার প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় বিজেপি বিধায়ক ভরত ঝাওয়ার। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও প্রশাসন সূত্রের খবর তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করা ছাড়াও তিনি প্রশাসনের কর্তাদের সঙ্গেও কিছুক্ষণ বৈঠক করতে পারেন ,সেই কারণে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে এই মুহূর্তে।
প্রসঙ্গত, রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে শক্তিপুরে এসে মুখ্যমন্ত্রী রেজিনগরবাসীকে কথা দিয়ে গিয়েছিলেন ভোটের ফল প্রকাশের দিন তিনি শাঁখারভ সরকারের সঙ্গে জয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য উপস্থিত থাকবেন।। কিন্তু ভোটের ফল প্রকাশের দিন কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান দূরত্বের কারণে তিনি বহরমপুরে যেতে পারছেন না। এর পাশাপাশি এমসিসি লাগু থাকায় তিনি সরকারি হেলিকপ্টার ব্যবহারও করতে পারছেন না। তবে সেদিনই তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই দুর্গাপুজোর উদ্বোধনে তিনি মুর্শিদাবাদ জেলায় আসবেন।
বিজেপি বহরমপুর সংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন,"গত দেড় দু'মাসে মুখ্যমন্ত্রী এই জেলায় একাধিকবার এসেছেন। এর থেকে প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এই জেলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।" তিনি আরও বলেন,"সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আমার ভালো লাগছে তিনি আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকছেন।"
রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ, এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন ,"রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এর আগে ৩ বার আমাদের পুজোর উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবছর প্রথমবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের পুজোর উদ্বোধন করবেন। পুজোর উদ্যোক্তা হিসেবে আমি খুশি , সঙ্গে সমগ্র মুর্শিদাবাদ জেলাবাসী খুশি।" তিনি বলেন,"মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা রাজ্যে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন এবং উন্নয়নের বার্তা দিচ্ছেন। আমরাও তাঁর কাছ থেকে পুজোর শুভমুহূর্তে উন্নয়নের কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
