দাউদকান্দিতে নিসচা'র উদ্যোগে শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখালেন ইউএনও
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক সংকেত ও নিরাপদে সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে সচেতন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তিনি সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম ও সতর্কতা নিয়ে পাঠদান করেন।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। নিসচার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে ধারণা দেন (ইউএনও) মো . জাকির হোসেন। এ সময় নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সড়কে চলাচলের সময় অসতর্কতা এড়িয়ে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মো. সুমন ট্রাফিক আইন ও সড়ক সংকেত সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ এবং পথচারী হিসেবে দায়িত্বশীল আচরণের বিষয়গুলো তুলে ধরা হয়। চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব বলেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সড়ক ব্যবহারের সঠিক নিয়ম শেখানো গেলে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে।
আলোচনা শেষে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। পরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিসচার সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শেলিনা আক্তার, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আবুল হাসান ফারুক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো.ইকরামুল হাসান, মো. ফয়সাল সিকদার এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজিব হোসেন জয়, মো. কাওসার আলম প্রমুখ।
লিটন সরকার বাদল/এসএন
আরও পড়ুন
মেয়াদোত্তীর্ণ খাবার ও নকল চাল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, রং মেশানো চানাচুর ও বেনামি প্যাকেটে নকল চাল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে এ বি এম ফুডকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে জরিমানা করা হয় ৩ হাজার টাকা।
অন্যদিকে, বেনামি প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে মেঘনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, রং মেশানো চানাচুর ও নকল চাল বিক্রি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এ ধরনের অনিয়ম ও প্রতারণা ঠেকাতে অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। এর অংশ হিসেবে পাহাড়তলী বাজারে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং কেনাবেচার ভাউচার ও প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভোক্তাদের পণ্যের মেয়াদ, মোড়ক, মূল্য ও মান যাচাই করে কেনাকাটা করার পরামর্শ দিয়ে ফয়েজ উল্যাহ বলেন, ‘কোথাও ভেজাল পণ্য, মেয়াদোত্তীর্ণ খাবার কিংবা অন্য কোনো অনিয়ম দেখা গেলে অধিদপ্তরকে জানাতে হবে। বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সালমান/
আরও পড়ুন
রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে ডিআইজি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির রাজাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজাপুর উপজেলা শ্রীশ্রী হরি সভা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শোনেন।
ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মেরিন সুলতানা, রাজাপুর-কাঁঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) মো. শাহ আলম, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
নেয়ামুল/নাঈম
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে ছাড় নয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
-->পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। কার্ড বিতরণে কেউ অনিয়মের চেষ্টা করলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। কাজেই কাউকে দৌড়াদৌড়ি বা তদবির করার প্রয়োজন নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “আমরা বিএনপি যখন যা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি। নির্বাচনের আগে বলেছিলাম, ফ্যামিলি কার্ড দেব। আজকে সেটির কার্যক্রম উদ্বোধন করা হলো। কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলাম, টাঙ্গাইল থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সেটির উদ্বোধন করেছেন। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে। মন্দিরের পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সাত মাসে এই সরকার নির্বাচনের প্রতিটি ওয়াদা পূরণ করে যাচ্ছে।”
নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে অনেকে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কেউ বেহেশতের টিকিট পর্যন্ত বিক্রি করেছেন। এ ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যা বলি, তা করার চেষ্টা করি। কাউকে মিথ্যা আশ্বাস দিই না। টাঙ্গাইলের উন্নয়নে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বিক সহযোগিতা করবে প্রশাসন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া চালের ডিও বিতরণ করা হয়। এছাড়া টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার পক্ষ থেকে দেওয়া আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
জুয়েল রানা/এসএন
আরও পড়ুন
মৌলভীবাজারে পূজার আগে বোনাসের দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে আন্দোলন করেছেন শ্রমিকরা। ছবি: খবরের কাগজ
-->শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসব বোনাসের দাবিতে মৌলভীবাজারে কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন মিরতিংগা চা বাগানের শ্রমিকরা। পূজার আগে কাঙ্ক্ষিত বোনাস নিশ্চিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কাজে যোগ দেননি তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কাজ বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের মাথা ও হাতে কালো পতাকা ছিল। সাদা কাগজে কালো অক্ষরে লেখা ছিল, ‘রুটি-রুজির সংগ্রাম চলছে, চলবে’, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না।'
শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর চা উৎপাদনে শ্রম দিলেও উৎসবের আগে প্রাপ্য বোনাস নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। পূজার আনন্দ ভাগাভাগি করার কথা যে সময়ে, সে সময়ই নিজেদের পাওনা আদায়ে রাজপথের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে তাদের।
শ্রমিকরা জানান, প্রতিবছর দুর্গাপূজার আগে তারা ৬০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন। কিন্তু এবার বাগান কর্তৃপক্ষ ৩০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলেছে। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা পূর্ণ বোনাসের দাবিতে একজোট হয়েছেন। দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
চা শ্রমিক রিতা পাইনকা, শান্তি তাঁতি, আলন্তী উরাং, মানিক প্রসাদ, লেবুলাল বাউরী ও সুমন কুর্মীসহ আন্দোলনকারীরা জানান, সারা বছর কঠোর পরিশ্রম করে চা উৎপাদন সচল রাখেন তারা। অথচ উৎসবের সময় নিজেদের পাওনা নিয়েই অনিশ্চয়তায় থাকতে হচ্ছে। বাগানে লোকসান না থাকলেও শ্রমিকদের বোনাসের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। পূর্ণ বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
বাগানের বর্তমান সভাপতি মন্টু অলমিক ও সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই বলেন, আশপাশের চা বাগানগুলোতে শ্রমিকরা বেতন-বোনাস পেলেও মিরতিংগার শ্রমিকরা এক সপ্তাহের মজুরি ও দুর্গাপূজার বোনাস পাননি। শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) বলেন, শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। বোনাস দেওয়ার জন্য কৃষি ব্যাংকের কাছে ঋণ চাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশিত অর্থ না পাওয়ায় পূর্ণ বোনাস দেওয়ার ব্যবস্থা করা যায়নি। অর্ধেক বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকরা তা গ্রহণ করছেন না।
পুলক/এএফ
