ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় নেওয়া এ উদ্যোগে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন।
Published : 19 Oct 2026, 12:31 AM
Updated : 19 Oct 2026, 12:31 AM
বাংলাদেশের কৃষকদের ডিজিটাল লেনদেন বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই।
ব্র্যাক ব্যাংক রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ উদ্যোগের লক্ষ্য কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো এবং কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আনুষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা।
ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় নেওয়া এ উদ্যোগে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন।
ব্র্যাংক ব্রাংক বলেছে, ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত দুই বছর মেয়াদি এ পাইলট উদ্যোগের আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনা হবে। তাদের ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে।
এর ফলে এত দিন মূলত অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নেওয়া কৃষক ও ব্যবসায়ীরা প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার কৃষক ও ১,৫০০ কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি এ অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইএফপিআরআইয়ের ডিরেক্টর জেনারেল জোহান সোয়িনেন। এ সময় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।
আইএফপিআরআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র রিসার্স ফেলো ড. কেট অ্যাম্বলার, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মুগ্ধ মহজাব এবং রিসার্স ফেলো অ্যান্ড প্রজেক্ট লিড ড. মেহরাব বখতিয়ার।
