গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন অফিস সহকারী কামাল হোসেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কামাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম ফারুক হোসেন জানান, কামাল হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশা করছি। ধারণা করা হচ্ছে, কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মীরা।
