৫৩ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৫০ মিনিট আগে
স্টার অনলাইন ডেস্ক
সৌদি ন্যাশনাল গার্ডের এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার। ছবি: বোয়িংয়ের সৌজন্যে
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।
আজ রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ডের একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার। এটি ইয়েমেন সীমান্তের কাছে নাজরান এলাকায় সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়।
সৌদি প্রেস এজেন্সির বরাতে আল-মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়েছে। এতে দুই কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনাস্থলটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় বলে জোটের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সীমান্ত এলাকায় হুতিদের অবস্থানে হামলা চালানোর সময় তারা সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।
https://t.co/SN7CtsQR1F
— المتحدث الرسمي باسم قوات التحالف (@CJFCSpox) October 18, 2026
হুতিদের এ দাবির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র আল-মালিকি অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘এটি শিগগিরই মাঠে নামবে। দেখতে কেমন, তা মনে রাখুন, যাতে ভুলে না যান।’
তবে হুতিদের দাবি এবং জোটের বক্তব্যে হেলিকপ্টারের ধরন নিয়ে পার্থক্য রয়েছে। জোট বিধ্বস্ত হেলিকপ্টারটিকে এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার বলে উল্লেখ করেছে, আর হুতিরা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে।
তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইয়েমেন সংঘাত
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার বছর ধরে চলা অস্বস্তিকর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনের সংঘাত আবার শুরু হয়। গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখল করার পর হুতিদের সঙ্গে সংঘাত আরও তীব্র হয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় একাধিকবার বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ, তেল স্থাপনা ও রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
تدعّي إسقاطها .. ستدخل الميدان قريباً.. تذكر شكلها فلا تنسى https://t.co/8qgFm7aylr
— المتحدث الرسمي باسم قوات التحالف (@CJFCSpox) October 18, 2026
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরান এলাকায় হুতিদের হামলার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হওয়ায় ইয়েমেনের সংঘাতও মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতের আরেকটি ক্ষেত্র হয়ে উঠেছে।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাইয়ে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এই হেলিকপ্টার দুর্ঘটনাই সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির প্রথম ঘটনা।
