মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সাহারা রে। চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের মা হয়েছিলেন তিনি। সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার ও অনুরাগীরা।
মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান সাহারা। সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময় হাসপাতালে সাহারার পাশে ছিলেন স্বজনেরা। পরিবারের সদস্যরা তাঁকে গভীরভাবে ভালোবাসতেন বলেও উল্লেখ করা হয়েছে।
সাহারার মা গ্রেচেন বাখ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, তাঁর মেয়ে ছিলেন আবেগপ্রবণ, স্নেহশীল ও সদয় একজন মানুষ। পরিবার, ফ্যাশন, সার্ফিং এবং ছোট্ট মেয়ে স্নোকে ঘিরেই ছিল সাহারার পৃথিবী।
সাহারার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ফেন্টানিল নামের শক্তিশালী ব্যথানাশকের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের ঘটনা দুর্ঘটনাজনিত ছিল কি না, তা স্পষ্ট নয়।
চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন সাহারা। মেয়ের নাম রাখেন স্নো। গত ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তাঁর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার পরিচিত সার্ফার টনি রের মেয়ে সাহারা ছোটবেলা থেকেই সমুদ্র ও সার্ফিংয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। পরবর্তী সময়ে মডেলিং ও ফ্যাশন ডিজাইনে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
২০১৬ সালে হাওয়াইয়ে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন সাহারা। তাঁদের সম্পর্ক নিয়ে সে সময় নানা গুঞ্জন ছড়ালেও কেউ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেননি। এর আগে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল।
