বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার প্রদান অনুষ্ঠান শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতার জন্য লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই নির্ধারিত ছিল— প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক ‘বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতাটি দেশব্যাপী পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগীদের পাঠানো বুক রিভিউ থেকে জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বই বিভাগে ৫ জন করে মোট ১০ জন সেরা গ্রন্থ সমালোচককে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দুই বিভাগে সেরা ১০ জন বিজয়ী
বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক ‘বেগম রোকেয়া’ (প্রবন্ধ) বিভাগে সেরা পাঁচজন হলেন— মামুন কবীর (প্রথম), মো. শাহেরীন আরাফাত (দ্বিতীয়), মারুফ ইসলাম (তৃতীয়), মাকসুদা আক্তার (বিশেষ) এবং সঞ্জয় দেওয়ান (বিশেষ)।
অন্যদিকে ‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস) বিভাগে সেরা পাঁচজন হলেন— আলী আহসান (প্রথম), মুহাম্মদ ফরিদ হাসান (দ্বিতীয়), নাছরিন জাহান (তৃতীয়), মো. জাহিদ হাসান (বিশেষ) এবং জোবায়ের মিলন (বিশেষ)
প্রতিযোগিতায় মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বইয়ের জন্য আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। দুই বিভাগ থেকে প্রথম পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার বিজয়ী ২ জন পেয়েছেন ৩ হাজার টাকা করে। এছাড়া পরবর্তী নির্বাচিত ৪ জন সেরা গ্রন্থ সমালোচক পেয়েছেন ২ হাজার টাকা করে। নগদ অর্থমূল্যের পাশাপাশি সেরা ১০ জনের প্রত্যেককে ১ হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হয়।
‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর। অতিথি ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান।
আরও বক্তব্য দেন নারীনেত্রী জাকিয়া শিশির, মুক্তিযুদ্ধা আব্দুল হালিম, লেখক মিজানুর রহমান আফরোজ ও পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রিভিউর জন্য নির্বাচিত লেখক আশরাফ আহমেদ বিদেশে থাকলেও তাঁর লেখা পাঠ করলেই বোঝা যায়, তিনি বাংলাদেশকে কতটা ধারণ করেন। প্রতিযোগিতার জন্য তাঁর দুটো বই নির্বাচিত করা এবং বই এর চমৎকার উদ্যোগ।
বক্তাগণ আরও বলেন, ‘এবং বই’ আমাদের তৃষ্ণা মিটিয়েছে। পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে, এটাই আমাদের আশা।
