ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ২০ জন আহত হন।
পশ্চিম ইউক্রেনের আরেকটি এলাকায় রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, মুদি দোকানে হামলায় আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও পুড়ে যাওয়া যানবাহনের আশপাশে উদ্ধারকর্মীরা কাজ করছেন। হামলার পর হতাহতদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে পশ্চিম ইউক্রেনের একটি এলাকায় পৃথক রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ওই হামলার স্থান ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বেসামরিক স্থাপনায় হামলা ও প্রাণহানির ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
