কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বুলগেরিয়ার উপকূলে মঙ্গলবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে হামলার পর একটি ডুবে গেছে। এতে ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। অপর জাহাজটির ১৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় প্রাণঘাতী জাহাজডুবির ঘটনা।
বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, ক্রাপেটস গ্রামের উপকূলে ডুবে যাওয়া জাহাজটির নাম ‘আজভ কনকর্ড’। জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি ৩’ জাহাজে তিনটি ড্রোন আঘাত হানে। জাহাজটির সাত ইউক্রেনীয় ও আট আজারবাইজানি নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের কেউ গুরুতর আহত হননি।
ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া। তবে হামলার জন্য সরাসরি মস্কোকে দায়ী করেনি দেশটি। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ বলেছেন, দেশটির জলসীমার এত কাছে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ঘটনার পরিণতি রাশিয়ার জন্য লাভজনক হতে পারে।