আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা। কয়লাবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি পর্যটকবোঝাই বাস। এই দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং ১০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের জামুই থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবোঝাই পর্যটক বাসটি। রবিবার সকালে পানাগড় বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়লাবোঝাই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
বাসের ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে জখম হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলার এই দুর্ঘটনায় ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
