চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে রাতেও উপাচার্য ভবনে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনি পদত্যাগ না করা পর্যন্ত ভবনের তালা খোলা হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সোমবার রাত আটটার দিকে শিক্ষার্থীরা গণমাধ্যমের সামনে এ কথা জানান। তাদের দাবি, বর্তমান উপাচার্যকে পদত্যাগ করতে হবে এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। উপাচার্য পদত্যাগ করে নিরাপদে ভবন থেকে বেরিয়ে যেতে পারবেন। এ জন্য তাকে নিজ হাতে পদত্যাগপত্র লিখে শিক্ষার্থীদের কাছে জমা দেওয়া অথবা গণমাধ্যমের সামনে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের বাসে ভাঙচুর ও হামলার জন্য উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা জানান, নিজের পদ টিকিয়ে রাখতে মদুনাঘাট ও চান্দগাঁও টার্মিনালে সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার পর উপাচার্য শেখ শরিফুল আলম বহিরাগত ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ কারণে শিক্ষার্থীরা তাকে আর উপাচার্য হিসেবে বিবেচনা করছেন না।
এর আগে সোমবার সকালে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নিয়ে তাকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময়সীমা বেঁধে দেন। পরে তাকে ভেতরে রেখেই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
এমই
