জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। গত ২৭ বছরে মানবসেবার ছোট উদ্যোগ থেকে প্রতিষ্ঠানটি আজ বড় পরিসরে কাজ করার পর্যায়ে পৌঁছেছে। এ সময় তিনি ফাউন্ডেশনের সব সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মানুষের জন্য মানুষ—এই লক্ষ্য সামনে রেখে একটু চেষ্টা ও একটি উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সবসময় বাংলাদেশের সর্বত্র মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
এ ছাড়া ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এটি প্রতিষ্ঠা করেন তাঁর ছেলে তারেক রহমান। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
