গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৯৯ শিশু। এ সময়ে ১ হাজার ২১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
