মিশরের ঐতিহাসিক ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ (এক্সিলেন্ট) পেয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের মেধাবী গবেষক আব্দুল কাইয়ূম নূরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে এই সম্মানজনক সফলতা অর্জন করেন।

গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে কায়রোর দাররাসায় অবস্থিত অনুষদের ইমাম আয-যাহাবি মিলনায়তনে তাঁর এমফিল থিসিস ডিফেন্স ও আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত প্রখ্যাত অধ্যাপক ও বিচারকমণ্ডলী তাঁর গবেষণার উচ্চমান পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে সর্বোচ্চ গ্রেডে ভূষিত করেন।
গবেষক আব্দুল কাইয়ূমের গবেষণার বিষয় ছিল শাইখ ইসমাইল হাক্কি আল-বুরুসাবি (মৃত্যু ১১৩৭ হিজরি) লিখিত তাফসিরুল বাইযাবির শুরুর অংশের উপর বিশেষ টীকা পর্যবেক্ষণ, সম্পাদনা ও পর্যালোচনা।

উক্ত ডিফেন্স বোর্ডে মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কায়রো ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল করিম কাসিব, সাবেক বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ হাসান মুহাম্মাদ সাবাতান এবং আল-মানুফিয়া ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ড. আব্দুল গাফফার আহমাদ আব্দুল গাফফার।
বিশ্বমানের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীর এমন অসামান্য গৌরব অর্জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক মহলে ব্যাপক আনন্দের জোয়ার ভাসিয়েছে। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর অন্যতম সদস্য আব্দুল কাইয়ূমের এই আন্তর্জাতিক অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে সংগঠনটি। সোসাইটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করা হয়েছে।
