শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলে বড়াল নদীর ঘাটে হাজারো মানুষের উপস্থিতিতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
আজ নিজ মাতৃভূমি নাটোরের বড়াইগ্রামের জোনাইলে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য আন্না মিন্জ (সংরক্ষিত নারী আসন-৩১৯, সংসদীয় আসন-১৯)।
বিকেল থেকেই বড়াল নদীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের সমাগম ঘটে। জোনাইল এলাকার প্রায় সাতটি পূজামণ্ডপের প্রতিমা আনুষ্ঠানিকভাবে বড়াল নদীতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের এ আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক এবং বাংলাদেশ পূজা কমিটির অন্যতম বিশিষ্ট সদস্য।
পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন শেষে সংসদ সদস্য আন্না মিন্জ বলেন, “দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের উৎসব। আমাদের মাতৃভূমি বড়াইগ্রামের মাটিতে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই মিলে এ দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষা করব।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।
