বান্দরবানের আলীকদমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। এ জন্য সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে ৫৭ বিজিবি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিজিবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে আলীকদমে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হবে।
The post আলীকদমে দুর্গাপূজার নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on ভোরের চেতনা.
