সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এতে ২২ হাজার ২৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এছাড়া ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের সকল ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বেসামরিক বিমান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা থেকে সৌদি আরবগামী সরাসরি ৬৯টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এর মধ্যে, বিমান বাংলাদেশের ২৯, ইউএস বাংলার ১০, সৌদি এয়ারলাইন্সের ১৯ এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি সরাসরি ফ্লাইট স্থগিত হয়েছে।
এছাড়া, ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।
একইসাথে, এমিরেটস এয়ারলাইন্সের ১৪, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাই এবং এয়ার ইন্ডিয়ার আটটি করে মোট ৭৭টি ট্রানজিট ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান মন্ত্রণালয়।
এদিকে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাত্রা এবং বাংলাদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, যাত্রীগণের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এছাড়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যথাসময়ে জানাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
