লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের
লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। পরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া ও বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
The post লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের appeared first on Rising Cumilla.
