Published on
:
1 min read
এই সময়, আরামবাগ: বুধবার রাতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সতীতলা এলাকা। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরের উপরে হামলা চালায়। মারধরের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরে আরামবাগ থানার আইসি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এ বারও আরামবাগের বাঁধপাড়া ও ভূমিজপাড়ায় দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। বুধবার রাতে বাঁধপাড়ার বাসিন্দারা প্রতিমা নিয়ে বিসর্জন দিতে যাচ্ছিলেন দ্বারকেশ্বর নদীতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজনার সঙ্গে নাচগান চলছিল। তারই মধ্যে সতীতলার কাছে হঠাৎ ভূমিজপাড়ার কয়েক জন যুবক এসে তাঁদের সঙ্গে নাচানাচি শুরু করে দেন এবং মহিলাদের উদ্দেশে কটুক্তি করেন বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়ে যায় বচসা। গন্ডগোলের সময় তাঁদের আরও কয়েক জন সঙ্গীসাথী সেখানে ছুটে আসেন। তাঁরাও গন্ডগোলে জড়িয়ে পড়েন। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। তাতেই কয়েক জন চোট চান। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েক জনকে আটক করে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভূমিজপাড়ার বাসিন্দা দোলা আদক বলেন, ‘কোনও গোলমাল ছিল না। খুব শৃঙ্খল ভাবে বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। হঠাৎ কিছু বহিরাগত যুবক এসে গন্ডগোল শুরু করে। মহিলাদের উদ্দেশে কটুক্তিও করে তারা। তার জেরেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।’ বাঁধপাড়ার বাসিন্দা মিতা সিং বলেন, ‘বেপাড়ার ছেলেরাই গোলমাল বাঁধিয়েছে। আগে থেকে দুই পাড়ার মধ্যে কোনও গন্ডগোল ছিল না।’
