নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় নরোত্তমপুর মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমিসহ সাতটি কেন্দ্রে একযোগে মফিজ উল্যাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
১৯৯২ সাল থেকে শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফরিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
প্রায় দুই শতাধিক শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বৃত্তি পরীক্ষার সভাপতি ফারজানা তাহের, সাধারণ সম্পাদক আবুল হাশেম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশীদ, বৃত্তি পরীক্ষার উপদেষ্টা ও মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর উল্যাহ, ডা. আবু তাহেরসহ অনেকে।
এ ছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নোয়াখালী জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়াসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষার বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুল খায়ের, খোরশেদ আলম, বাদশা আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
