শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সারা দেশের দারুল আরকাম মাদ্রাসাগুলো সচল রাখতে হবে। প্রতিষ্ঠানগুলোকে প্রাণের প্রতিষ্ঠান মনে করে শিক্ষার্থী বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির (বাদাশিকস) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন। মঙ্গলবার সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বাদাশিকসের সিলেট জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী জয়নুল আবেদীন বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সম্মিলিতভাবে তাঁদের স্বার্থে কাজ করতে হবে। অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের কল্যাণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে দেশের সব দারুল আরকাম মাদ্রাসার কার্যক্রম সচল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তা মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের সমৃদ্ধি ও উন্নতির জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের বিরুদ্ধে সংঘটিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকে ঐক্যবদ্ধভাবে অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতী নাজমুল হুদা কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফিজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদীন। ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ।
সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমান এবং শিক্ষকদের পক্ষে হাফিজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সুলাইমান আহমদ, মাওলানা সাইদুর রহমান, হাফিজ ইয়াসিন আহমদ ও শাব্বির আহমদ। সহায়ক কর্মীদের পক্ষে বক্তব্য দেন আব্দুল কাদির ও গোলাম মোস্তফা।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শিক্ষকদের অধিকার ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিগত বছরের অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ। বিজ্ঞপ্তি
