আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’।
কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
কেন পালিত হয় দিনটি
পৃথিবীতে খাদ্য উৎপাদন হচ্ছে, কৃষিতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি, বাড়ছে উৎপাদনশীলতা। তারপরও বিশ্বের বহু মানুষ পর্যাপ্ত খাবার পান না। কারো ঘরে খাবারের অভাব, আবার কোথাও অপচয় হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য। ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তার এই বৈপরীত্যের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই প্রতি বছর ১৬ অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস।
দিবসটির মূল উদ্দেশ্য শুধু ক্ষুধার সমস্যা তুলে ধরা নয়; বরং সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা। একই সঙ্গে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বণ্টনব্যবস্থার উন্নয়ন এবং ক্ষুধা ও অপুষ্টি দূর করতে সরকার, আন্তর্জাতিক সংস্থা, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্যোগী করাও দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।
