রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় শিফটের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি নবীন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিষয়ে পরামর্শ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ছাত্রজীবনে সবার আগে ভালো ছাত্র হতে হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রেখে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ইনস্টিটিউটের যাতায়াত ও আবাসন সংকট নিরসনে নতুন বাস চালু, নতুন ছাত্রাবাস নির্মাণ এবং একটি আধুনিক অডিটোরিয়াম প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধান অতিথি।
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
জেএইচআর
