পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলার রোঝান তহসিলের সিন্ধু মহাসড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এ দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বাংলা হেদায়েত এলাকায় ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির কারণে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।
আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ডেরা গাজী খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দলের সদস্যরা ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান।
দুর্ঘটনার পর রাজনপুরের ডেপুটি কমিশনার ইমরান রাঞ্জা, জেলা পুলিশ সুপার ও সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওমরকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল দ্রেশাক জানান, অবহেলা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বাসচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রাথমিকভাবে চালক ও মালিক পালিয়ে গেছেন বলে জানানো হলেও পরে ডেপুটি কমিশনার জানান, আহত চালককে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঞ্জাবজুড়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে ১৪ জনের মৃত্যু হয়। এর আগে গত সোমবার মুলতানের বোসান রোডে দ্রুতগতির একটি গাড়ি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ২০ থেকে ৩০ বছর বয়সী পাঁচ তরুণ প্রাণ হারান।
এমএমটি
-20261022045721.jpg&w=1440&q=75)