সাতক্ষীরার গর্ব ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের উঠে আসা ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে উঁচু-নিচু অবস্থা, পানি নিষ্কাশনের সমস্যা ও কাদাপানির কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের খেলাধুলা। ফলে ঐতিহ্যবাহী এ মাঠে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
বর্তমান সরকার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিলেও সাতক্ষীরা শহরের গণমুখী ক্লাবসংলগ্ন এ মাঠটির সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড়, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের দাবি, দ্রুত মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হোক।
সরেজমিনে দেখা গেছে, মাঠের বিভিন্ন অংশ অসমতল হয়ে রয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোথাও কোথাও পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এতে নিয়মিত অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বিকেল হলেই বিভিন্ন বয়সী খেলোয়াড় ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠত মাঠটি। প্রায় সারা বছর এখানে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা এবং টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও মাঠটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেই প্রাণচাঞ্চল্য এখন অনেকটাই ম্লান।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। মাঠটি সংস্কার করে মিনি স্টেডিয়ামে রূপান্তরের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই মাঠ সংস্কারের কাজ শুরু হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, অযত্ন ও সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। এ মাঠ থেকেই সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটার উঠে এসেছেন। তাই নতুন খেলোয়াড় তৈরির স্বার্থে মাঠটি দ্রুত সংস্কার করা জরুরি।
ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের মতে, খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিকাশের অন্যতম মাধ্যম। তাই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাঠটি সংস্কার করে আধুনিক ও উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
The post সংস্কারের অভাবে বেহাল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ appeared first on ভোরের চেতনা.
