কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি মাটির ঘর ভাঙার সময় দেয়ালের অংশ ধসে পোশাকশ্রমিক আছিয়া আক্তার রিপা (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহত আছিয়া আক্তার রিপা নিশ্চিন্তপুর বটতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। তিনি পোশাকশ্রমিক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার সকালে নিজের ঘরে রান্না করছিলেন আছিয়া। এ সময় সুলতান নামে এক ব্যক্তি পাশের একটি মাটির ঘর ভাঙছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে মাটির ঘরের দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও এলাকাবাসী আছিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, মাটির ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। ঘটনার পর থেকে সুলতান পলাতক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যুর খবরটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

