Published on
:
1 min read
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ধনুষ কি এ বার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? তামিলনাড়ুর রাজনীতিতে এই প্রশ্ন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অভিনেতার ফ্যান ক্লাবের নাম বদলে ‘ধনুষ নরপানি ইয়াক্কম’ (ধনুষ ওয়েলফেয়ার মুভমেন্ট) রাখার পর থেকেই এই আলোচনা আরও জোরালো হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে তামিলনাড়ুর শাসকদল টিভিকে।
দলের বক্তব্য, নতুন রাজনীতিতে নতুন পা রাখতে চাইলে, মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের রাজনৈতিক যাত্রা অনুপ্রেরণা হতে পারে। তবে ধনুষ নিজে এখনও রাজনীতিতে যোগ দেওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
সম্প্রতি কোয়েম্বাটোরে ফ্যান ক্লাবের একটি বৈঠক হয়। সেখানে ধনুষ উপস্থিত ছিলেন না। সেখানে প্রায় ৩,০০০ পদাধিকারী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই বৈঠকেই সংগঠনের নতুন নাম রাখা হয় ‘ধনুষ নরপানি ইয়াক্কম’। তামিল ভাষায় ‘নরপানি’ শব্দটির অর্থ জনকল্যাণমূলক কাজ বা সমাজসেবা।
টিভিকে-র মুখপাত্র এম সত্যকুমার জানিয়েছেন, তাঁদের রাজনৈতিক যাত্রা অন্যদের অনুপ্রাণিত করতে পারছে, এতে তাঁরা খুশি। তাঁর কথায়, নতুন রাজনৈতিক উদ্যোগের কাছে টিভিকে অনুপ্রেরণা হয়ে উঠেছে—এটি তাঁদের কাছে আনন্দের বিষয়।
