যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্য এলক (Elk), এটি বড় আকারের হরিণজাতীয় বন্য প্রাণী; পুরুষ এলকের বড় শিং, লম্বা পা ও বাদামি শরীর থাকে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বন্য এলকের (Elk - বড় আকারের হরিণজাতীয় বন্য প্রাণী) শরীরে মাংসখেকো পরজীবী পোকার সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে বন্য প্রাণীর মধ্যে এ ধরনের সংক্রমণের এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। বুধবার (২১ অক্টোবর) সংস্থাটির প্রাণিস্বাস্থ্য পরিদর্শন বিভাগ জানায়, পেকোস কাউন্টির একটি বন্য প্রাণীর খামারে এলকটি পাওয়া যায়। এক শিকারি প্রাণীটি শিকার করার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানালে সংক্রমণের বিষয়টি সামনে আসে।
ঘটনাটি শনাক্ত হওয়ার পর ওই এলাকায় বন্য প্রাণীর ওপর নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও টেক্সাসের উদ্যান ও বন্য প্রাণী বিভাগ। পাশাপাশি, টেক্সাসের প্রাণিস্বাস্থ্য কমিশন আগে থেকে নির্ধারিত সংক্রমণপ্রবণ এলাকার সীমানাও পরিবর্তন করবে। কর্তৃপক্ষ শিকারি ও বন্য প্রাণী পর্যবেক্ষণকারীদের সংক্রমণের লক্ষণ সম্পর্কে সতর্ক থাকতে বলেছে। এসব লক্ষণের মধ্যে রয়েছে—ক্ষতস্থানে দৃশ্যমান কীড়া, দুর্গন্ধযুক্ত ক্ষত এবং প্রাণীর দুর্বল বা অস্বাভাবিক আচরণ।
এছাড়া খোলা ক্ষত বড় হতে থাকা কিংবা প্রাণীর নাক, মুখ, কান, চোখ ও যৌনাঙ্গের আশপাশে কীড়ার উপস্থিতিও সংক্রমণের সতর্কসংকেত হতে পারে। এমন কোনো লক্ষণ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
কীভাবে ক্ষতি করে এই পরজীবী পোকা
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামে পরিচিত এই পরজীবী মাছি উষ্ণ রক্তের প্রাণীর খোলা ক্ষত বা শরীরের বিভিন্ন ছিদ্রের কাছে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া কীড়াগুলো জীবন্ত টিস্যু খেয়ে বেঁচে থাকে। গবাদিপশুসহ বিভিন্ন প্রাণী এবং বিরল ক্ষেত্রে মানুষও এতে আক্রান্ত হতে পারে। এর আগে চলতি বছরের জুনে টেক্সাসে তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের শরীরে এই পরজীবীর উপস্থিতি নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। তবে সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এই পরজীবী খাদ্যনিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করে না; যদিও এটি মাংস উৎপাদনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
সাধারণত দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কিছু এলাকায় এই পরজীবী দেখা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি মধ্য আমেরিকা ও মেক্সিকোর দিকে ছড়িয়ে পড়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন মানুষের শরীরেও এই পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন এবং তাঁর মাধ্যমে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: সিবিএস নিউজ, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, দেশটির কৃষি বিভাগ
