দুপচাঁচিয়ার উনাহত সিংড়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের কমিটি বিলুপ্ত হওয়ার পরদিনই ব্যাংক থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও সাবেক সভাপতির বিরুদ্ধে ওঠা এ অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও। জানা যায়, সরকারি প্রজ্ঞাপন জারি করে গত ২৯ সেপ্টেম্বর উনাহত সিংড়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রজ্ঞাপনের পরদিনই মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল সরদার ও তৎকালীন পরিচালনা পর্ষদের সভাপতি হারুন রশিদ পরস্পর যোগসাজশে দুটি চেকের মাধ্যমে ব্যাংক থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা তুলে নেন। কমিটি বিলুপ্তির পর তড়িঘড়ি করে এভাবে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য লুৎফর রহমান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও শাহরুখ খান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অধ্যক্ষ রেজাউল সরদার দাবি করেন, ছাত্রীদের নামাজ কক্ষের সংস্কারকাজ ও প্রধান ফটকে টাইলস বসানোর খরচের জন্যই ওই টাকা উত্তোলন করা হয়েছিল। তবে তদন্ত কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, মাদ্রাসার কমিটি বিলুপ্ত হওয়ার পরও ব্যাংক থেকে টাকা তোলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ইউএনও শাহরুখ খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।