আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গওয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় অন্তত ১২ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। ১৭ অক্টোবর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, ধানবোঝাই একটি ভারী ট্রাক চিনোর দিক থেকে গওয়ালিয়রের দিকে যাচ্ছিল। পথে একটি ঢালু সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের কাছে সমবেত পুণ্যার্থীদের ওপর উঠে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটি মন্দিরের মূল ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা দেয়। এতে মন্দিরের ফটক ও দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১০৯
ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলের ওই ঢালু সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও ট্রাকটি কীভাবে ওই পথে প্রবেশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এটিভি/এসআইআর
