Published on
:
1 min read
‘বিগ বস ২০’-এর একটি এপিসোডে বলিউডের ‘পেড নেগেটিভ পিআর’ নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। তিনি দাবি করেছিলেন, ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেতা নেগেটিভ প্রচার চালানোর জন্য টাকা খরচ করেন। এ বার সেই বিতর্কে মুখ খুললেন গায়ক, গীতিকার ও অভিনেতা পলাশ সেন। সলমনের তোলা প্রশ্নে তাঁকেই বিঁধলেন গায়ক।
নিজের একটি অভিজ্ঞতা তুলে ধরলেন পলাশ। তিনি বলেন, ‘যাঁরা এসব করছেন, সলমনও তাঁদের অন্যতম। আমি কারও দিকে আঙুল তুলছি না। কিন্তু কেউ যদি তরোয়াল হাতে নিয়ে চলে, তবে সেই তরোয়ালেই আপনার মৃত্যু হবে। যাঁরা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন, তাঁরাও এই ধরনের পিআর কাজে লাগিয়েছেন।’
তাঁর আরও বক্তব্য, ‘হঠাৎ করে নিজেকে কেউ একদিন সাধু মনে করতেই পারে। কিন্তু তাতে কিছু বদলে যায় না। তবে আমি একটা কথা বলতে পারি, সলমন যে কথাগুলো বলেছেন সেগুলো বলার মতো সাহসের প্রয়োজন। এই সমস্যার অংশ ছিলেন তিনিও। তাই ‘বিগ বস’-এর মঞ্চে দাঁড়িয়ে উনি যা বলেছেন জানি না সেগুলো শোয়ের অংশ নাকি বিষয়টা স্ক্রিপ্টেড।’
চিকিৎসক পলাশ সবচেয়ে বেশি পরিচিত হয়েছিলেন ‘ইউফোরিয়া’ ব্যান্ডের জন্য। ১৯৯৮ সালে তিনি গড়ে তুলেছিলেন এই ব্যান্ড। নয়ের দশকের শেষভাগ ও ২০০০-এর গোড়ায় ভারতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড হয়ে উঠেছিল এটি। শুধু তাই নয়, বেশ কিছু সিনেমায়ও অভিনয় করেছেন পলাশ সেন।
