নগরকে নারীবান্ধব করার কথা বলা হলেও নিরাপদ গণশৌচাগারের সংকট রয়ে গেছে উপেক্ষিত। কর্মজীবী নারী, শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘ সময় বাইরে থাকতে হয়। অথচ পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য শৌচাগারের অভাবে তাদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। কোথাও শৌচাগার থাকলেও পরিচ্ছন্নতা, পানি, পর্যাপ্ত আলো ও নিরাপত্তার ঘাটতি চোখে পড়ে।
এটি নিছক নাগরিক সুবিধার সংকট নয়; নারীর স্বাস্থ্য, মর্যাদা ও স্বাধীন চলাচলের প্রশ্ন। নিরাপদ শৌচাগার না থাকলে নগরের জনপরিসর নারীর জন্য কার্যত সংকুচিত হয়ে পড়ে। ফলে নারীবান্ধব নগরের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন ওঠে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাজার, বাস টার্মিনাল, পার্ক ও গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত নারীবান্ধব গণশৌচাগার স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। পাশাপাশি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবহারমূল্য তদারকিতে জবাবদিহি থাকতে হবে।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
mohibulhasanrafi809067@gmail.com
