খুলনা গেজেট অক্টোবর ১৬, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডল নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার জেয়ালা শ্মশান ঘাট এলাকায় গাছে বেঁধে গণপিটুনি দিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ চন্দ্র মন্ডল (৫২) সাতক্ষীরার তালা উপজেলা সদরের জেয়ালা গ্রামের মৃত. মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শ্মশান ঘাট এলাকায় তাকে একটি গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয় এবং মাথায় কোপায়। এসময় তার চোখ তুলে নেওয়ার চেষ্টা করে তারা। রাত ৩টা থেকে ভোর পর্যন্ত এভাবেই তার মারপিট চলতে থাকে। সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
