চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৫২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
গ্রেফতার জাকির হোসেন কক্সবাজার সদর থানার লাইট হাউস এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোফাজ্জল হোসেন।
বিজ্ঞাপন
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে বাসে করে গাঁজা নিয়ে কয়েকজন মাদককারবারি সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম নগরীর দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাস চেকপোস্টে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় জাকির হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
