
বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি: | শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ০৩:৫১
ছবি সংগৃহীত।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ও দেশের সমবায় খাতে একমাত্র ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড”-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (অক্টোবর) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেন।
মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাক লিমিটেডের শরীয়াহ কমিটির সভাপতি আ.ক.ম আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী; কালব লিমিটেডের সাবেক ডিরেক্টর মোঃ আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মোঃ শফিউল আলম; এবং কালব লিমিটেডের সাবেক ডিজিএম ও ইনোভা ইন্টারন্যাশনালের এমডি মোঃ ফিরোজ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্যসচিব ও সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, শরীয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, মৌচাকের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য এবং বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর সম্পাদক হাবিবুর রহমান ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টন প্রস্তাব অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটির সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার (সাধারণ ও শিশু সদস্য)। সমবায় সমিতির উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা।
সভায় মৌচাক এগ্রো সার্ভিস, মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ একাধিক বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে সকল সদস্যের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১৫০ জন বিজয়ী পুরষ্কার জিতে নেন।
এদিকে, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ এবং সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠান শেষে মৌচাকের বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” গড়ার স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নে মানসম্মত সেবা নিশ্চিতকরণ’ লক্ষ্যে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীরা। আগামীতে আরও নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
