খুলনা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে খুশি খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার সাধারণ মানুষ। উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে, এ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।
দাকোপের নলিয়ান এলাকার বাসিন্দা বৃদ্ধ আক্তার শেখ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের উপজেলাতে এসেছেন। এজন্য আমরা আনন্দিত। আমাদের উপজেলায় নদীভাঙন, সুপেয় পানির সংকট, দুর্বল যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সমস্যা রয়েছে। আশা করি এবার আমাদের সকল সমস্যা থেকে মুক্তি মিলবে।
এদিকে খুলনার উপকূলীয় জনপদ দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি’র শুভাগমনকে আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
যৌথ বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবহেলিত উপকূলীয় এলাকা নলিয়ান তথা দাকোপের মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এই অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এই সফর নতুন আশার আলো সঞ্চার করবে বলে বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত সরকারি এ সফরটি সরাসরি জনসম্পৃক্ত না হলেও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। তিনি সরেজমিন প্রত্যক্ষ করলেন অপরূপ সৌন্দর্য্যরে আঁধার পর্যটন সম্ভাবনার বিশ্বখ্যাত সুন্দরবন, উপকূলীয় অবহেলিত জনপদ, বেড়িবাঁধ, অবহেলিত জনগোষ্ঠির কর্মসংস্থান, অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দর, বৈদেশিক আমদানি-রফতানি রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকট-সমস্যার বাস্তব চিত্র।
পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগনের সকল প্রত্যাশা পূরণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। যদিও সরকারি সংক্ষিপ্ত সফর তবুও দাকোপ ও খুলনা অঞ্চলের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্যরা।
