নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে সমুদ্রসম্পদভিত্তিক গবেষণা ও ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি) বিষয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য খসড়া আইন প্রণয়ন এবং তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নোটিশ অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে কমিশনের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
সভায় কক্সবাজারে সমুদ্রসম্পদভিত্তিক গবেষণা ও ব্লু-ইকোনমি বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে খসড়া আইন প্রণয়ন এবং তা কমিশন কর্তৃপক্ষের কাছে দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। এ জন্য কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কমিশনের লিগ্যাল শাখার সহকারী সচিব মোহাম্মদ শোয়াইব।
কক্সবাজারে সমুদ্রসম্পদভিত্তিক গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রম নির্ভর করবে সংশ্লিষ্ট প্রক্রিয়া এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।
