দশেরার অনুষ্ঠানে অসুরের ওপর শুভশক্তির জয়ের কথা বলতে গিয়ে মুখ ফসকে উল্টো কথা বলে ফেলেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। কলকাতার ওই অনুষ্ঠানে তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা ও ট্রলিং। এবার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিনেতা। বুধবার (২১ অক্টোবর) চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, কথাটি বলতে গিয়ে ভুল হয়েছে। নিজের অভিনীত ‘রকস্টার’স সিনেমার একটি গানের লাইন উল্লেখ করে বোঝান, কখনো কখনো মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারেন না তিনি।
‘আমার শব্দই সব গুলিয়ে দেয়’
‘রামায়ণ’- সিনেমার প্রচারে ব্যস্ত রণবীর। সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে কলকাতার দশেরার অনুষ্ঠানে তার একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। চেন্নাইয়ের অনুষ্ঠানে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্ষমা চান অভিনেতা।
দর্শকদের উদ্দেশে রণবীর বলেন, “গতকাল দশেরার অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমি ক্ষমা চাইতে চাই। কথা বলতে গিয়ে আমার ভুল হয়েছে। আমি আসলে বলতে চেয়েছিলাম, ‘অশুভ শক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভশক্তিরই জয় হবে।”
এরপর ‘রকস্টার’ সিনেমার সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গে কাজ করার স্মৃতি মনে করেন রণবীর। সিনেমার একটি গানের লাইন উদ্ধৃত করে নিজের বক্তব্য ঠিকভাবে প্রকাশ করতে না পারার বিষয়টি বোঝান তিনি।
‘রামায়ণ’ সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর
রণবীর বলেন, “এ ঘটনাটি আমাকে ‘রকস্টার’ সিনেমায় এ আর রহমান স্যারের সঙ্গে কাজ করার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি যা-ই বলতে চাই, আমার শব্দই তা নষ্ট করে দেয়। এ ঘটনার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”
এ সময় তার পাশে বসেছিলেন অভিনেত্রী সাই পল্লবী। রণবীরকে এ প্রসঙ্গে কথা বলতে দেখে তাকে হাসতে দেখা যায়।
অভিনেতার ক্ষমা চাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।কেউ তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ ক্ষমা চাওয়ার সময় তাকে বেশ নার্ভাস মনে হয়েছে বলে মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, “সত্যি বলতে, আমাদেরই লজ্জা পাওয়া উচিত। মানুষটিকে একটু স্বস্তিতে থাকতে দিন, তিনি ক্লান্ত।”
আরেকজন মন্তব্য করেছেন, “তাকে খুব নার্ভাস লাগছে। চিন্তা করবেন না, রণবীর। আপনি দারুণ করছেন।”
রণবীরের কণ্ঠ কাঁপছিল বলেও লক্ষ করেছেন কয়েকজন। একজন লিখেছেন, “তিনি নার্ভাস। দয়া করে তাকে আক্রমণ করবেন না। এটা স্বাভাবিক, আমরা সবাই মানুষ। ভুল হতেই পারে।”
অন্যদিকে, ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় অভিনেতার প্রশংসাও করেছেন অনেকে।
কলকাতার অনুষ্ঠানে কী ঘটেছিল?
দশেরার দিন কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে সল্টলেক সাংস্কৃতিক সংসদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন রণবীর কাপুর। সেখানে অশুভের ওপর শুভশক্তির জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভুল করে বলেন, “অশুভ শক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোই শেষ হয়ে যাবে।”
অর্থাৎ, তিনি বলতে চেয়েছিলেন শেষ পর্যন্ত সত্য ও শুভশক্তির জয় হবে। কিন্তু, কথাটি বলতে গিয়ে উল্টো অর্থ প্রকাশ পায়। তার বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় ট্রলিং ও নানা ধরনের মিম।
বিশেষ করে আসন্ন ‘রামায়ণ’ সিনেমায় রণবীরের ভগবান রামের চরিত্রে অভিনয়ের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে আলোচনা আরো বাড়ে।
কেমন হতে যাচ্ছে রণবীরের ‘রামায়ণ’?
পরিচালক নীতেশ তিওয়ারির নির্মাণে ‘রামায়ণ’ তৈরি হচ্ছে দুই পর্বের চলচ্চিত্র হিসেবে। হিন্দু মহাকাব্য অবলম্বনে নির্মিত এই বড় বাজেটের প্রকল্পটির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এর প্রিভিউ শুরু হওয়ার কথা ৪ নভেম্বর।
সিনেমায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। এছাড়া, রয়েছেন যশ, অরুণ গোভিল, লারা দত্ত, রবি দুবে, রাকুল প্রীত সিং ও বিবেক ওবেরয়সহ আরো অনেকে।
দুই পর্ব মিলিয়ে সিনেমাটি নির্মাণে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি আগামী বছরের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা।
কলকাতার অনুষ্ঠানের দিনই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্লক করা আসনসহ অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ৭ কোটি ৫ লাখ রুপি।
তিন বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীরের নতুন সিনেমা ‘রামায়ণ’। তার সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ছিল ২০২৩ সালের ‘অ্যানিমেল’। বিশ্বজুড়ে সিনেমাটি ৯০০ কোটি রুপির বেশি আয় করেছিল।
* দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
